প্রিন্ট এর তারিখঃ Nov 8, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 8, 2026 ইং
আলীকদমে ৭ রোহিঙ্গা শরণার্থী আটক, থানায় হস্তান্তর

হামিদ হোসাইন, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের আলীকদমে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা ৭ জন রোহিঙ্গা শরণার্থীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ রোববার (৮ নভেম্বর) আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, শনিবার (৭ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে বিজিবির ২নং জিপি গেইট সংলগ্ন রাস্তা দিয়ে যাওয়ার সময় সন্দেহজনক গতিবিধি দেখে এই ৭ জনকে আটক করা হয়।
বিজিবির জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন যে, তারা সকলেই রোহিঙ্গা শরণার্থী। প্রায় দুই মাস আগে টেকনাফ ও উখিয়ার বিভিন্ন ক্যাম্প থেকে দালালের মাধ্যমে পালিয়ে কাজের সন্ধানে কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া এলাকার ম্রোং পাড়ায় অবস্থান করছিলেন তারা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃতদের মধ্যে ৩ জন কক্সবাজারের ১৪ নং হাকিমপাড়া ক্যাম্পের, ২ জন ১৭ নং বালুখালী ক্যাম্পের, ১ জন ১৮ নং বালুখালী ক্যাম্পের এবং ১ জন ৯ নং বালুখালী ক্যাম্পের বাসিন্দা।
আটককৃত রোহিঙ্গা শরণার্থীদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আজ রোববার রাত ২টার দিকে আলীকদম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি নিশ্চিত করেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪